ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী জুলেখা বেগম (৪৬) তার নেশাগ্রস্ত জামাই সুমন শেখের (৩২) কাছ থেকে মেয়ে মনিরা খাতুনকে (৩০) ছাড়িয়ে আনার পর চৌরাস্তা বাজারে পাঁচ কেজি দুধ দিয়ে গোসল করে তার ওয়াদা রক্ষা করেছেন। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করার ঘটনা ঘটে। মনিরা খাতুন জানান, তার স্বামী নেশা করে প্রতিদিন নিয়মিত তাকে মারধর করত, যার কারণে তার সঙ্গে সংসার করতে পারেননি।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুমন শেখ তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সঠিক নয় এবং মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি করেন। ভিডিওর সত্যতা নিশ্চিত করে মনিরা খাতুনের মা জুলেখা বেগম জানান, প্রায় ১৪ বছর আগে মেয়েকে সুমন শেখের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন শুরু করে সুমন শেখ। সে নেশাগ্রস্থ হয়ে মেয়েকে প্রতিদিন নিয়মিত মারধর করত। কয়েকদিন আগে মেয়েকে কাবিন রেজিস্ট্রারের কাছ থেকে তালাকপ্রাপ্তির মাধ্যমে ছাড়িয়ে আনা হয়। আজ সকালে দুধ দিয়ে গোসল করে তার ওয়াদা রক্ষা করা হয়েছে।

