ঝিনাইদহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। শনিবার (৩ অক্টোবর) দুপুরে শহরের সৃজনী মোড় সংলগ্ন ব্রিজ এলাকা থেকে নিজ উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
দীর্ঘদিন ধরে ঘন কচুরিপানায় নদীটি ঢেকে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। একই সঙ্গে মশার উপদ্রব বাড়া ও পানি দূষিত হওয়ার উপক্রম হওয়ায় স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছিলেন। এমনকি নদীর পাড়ে বসবাস করা জেলে সম্প্রদায়ও অতিরিক্ত কচুরিপানার কারণে মাছ ধরতে বিপাকে পড়ছিলেন।
নদী রক্ষা ও শহরের পরিবেশ রক্ষার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানান এই বিএনপি নেতা। এ সময় আব্দুল মজিদ বিশ্বাস বলেন, নবগঙ্গা নদী ঝিনাইদহের প্রাণ। নদীর স্বাভাবিক পানির প্রবাহ বজায় রাখা আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব। আমি গতবছরও পরিষ্কার করেছি, এ বছরও করছি। এই নদীতে এক সময় আমরা সাঁতার কাটতাম, কিন্তু এখন দেখি সব নদীগুলোরই বেহাল অবস্থা। আমরা আশা করি খুব দ্রুতই ঝিনাইদহের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া সব নদী খনন করে নদীগুলোর স্বাভাবিক গতি ফিরিয়ে দেওয়া হবে।
এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

