নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির পাশে খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—মুয়াজ (৭) ও আরাফাত (৬)। তারা ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। এ সময় এক শিশু অসাবধানতাবশত বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অপর শিশুটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
ঘটনার সময় তাদের বাবা-মা পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন বলে জানা গেছে। দুই শিশুর চিৎকার শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে শিশু দুটিকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

