ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নয়টি আবাসিক হল রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন পর নারী শিক্ষিকা প্রভোস্টের দায়িত্ব পেয়েছেন জুলাই ৩৬’ হলের প্রভোস্ট আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. হামিদা খাতুন। গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ পাওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা চেয়েছেন ড. হামিদা খাতুন।
ড হামিদা খাতুন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জুলাই ৩৬ হল বিশ্ববিদ্যালয়ের ভেতরে মেয়েদের সবচেয়ে বড় আবাসিক হল। এখানে কাজ করতে পারাটা আসলে অনেক সৌভাগ্যের বিষয়। আমি যেন সুন্দরভাবে এ কাজটি চালিয়ে যেতে পারি সেজন্য মহান আল্লাহর সাহায্য ও সবার সহযোগিতা কামনা করছি। আর এই হলটি পরিচালনা করার ক্ষেত্রে আবাসিক শিক্ষার্থীরা যদি আমাকে সাহায্য করে তাহলে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো এই আশা আমি ব্যক্ত করছি।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নয়টি হলের মধ্যে তিনটি মহিলা হলের ভেতরে একমাত্র মহিলা প্রভোস্ট আমি। মেয়েদের হলে কাজ করাটা আসলে এমনিতেই চ্যালেঞ্জিং। একমাত্র নারী প্রতিনিধি (প্রভোস্ট) হিসেবে কাজ করাটা চ্যালেঞ্জিং হবে; তবে মনে হয় না কঠিন হবে। কারণ আরো যারা প্রভোস্ট আছেন এখানে সবাই খুবই আন্তরিক এবং সবারই সহযোগিতামূলক মনোভাব দেখতে পাচ্ছি। আর বিষয়টা শুধু প্রভোস্ট নিয়ে নয় বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে প্রক্টর, ছাত্র উপদেষ্টা আছেন ওনারা খুবই আন্তরিক মানুষ। আমি না চাওয়ার সত্ত্বেও ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে কোনো প্রয়োজনে তাদেরকে ডাকা মাত্রই আমাকে সহযোগিতা করবেন । সর্বোপরি বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে। প্রশাসন যেহেতু আমাকে এখানে বসিয়েছেন সেহেতু যেকোনো মেয়েদের সমস্যায় প্রশাসনের কাছে উপস্থাপিত হওয়া মাত্রই আমি মনে করি প্রশাসন আমাকে সার্বিক সহযোগিতা করবে। প্রশাসন এবং হল বডির সবাইকে নিয়ে আমি আমার পথ চলাটা সুন্দরভাবে শেষ করতে চাই।
উল্লেখ্য, অন্য আটটি হলের প্রভোস্টরা হলেন— শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম রেজা, শহীদ আনাস হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল করিম, উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল প্রভোস্ট অধ্যাপক ড. রশিদুজ্জামান, খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ, লালন শাহ প্রভোস্ট অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসউদ আল মাহদী, আজিজুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ ও শহীদ আবরার ফাহাদ হল প্রভোস্ট অধ্যাপক ড. হাফিজুর রহমান।

