ইরানের সামরিক স্থাপনা ও পারমাণবিক কেন্দ্রগুলোতে যৌথভাবে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনের বরাতে বুধবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে গত দুই সপ্তাহে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একাধিকবার ফোনালাপ হয়েছে। এসব আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন উদ্বেগের বিষয়টি তুলে ধরেন নেতানিয়াহু।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রকাশ্যে ভোটের আগে ইরানে হামলা না চালানোর কথা বললেও সিদ্ধান্ত পরিবর্তন করা হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রাখছে ইসরায়েলি সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে অভিযানের প্রস্তুতি নিতে বলেছেন।
তবে চ্যানেল ১২-এর সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতানিয়াহু তাঁর প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তাদের জানিয়েছেন, ট্রাম্প নিজেই ইরানে হামলার প্রসঙ্গ তুলেছিলেন এবং এ অভিযানে ইসরায়েল অংশ নেবে কি না, তা জানতে চেয়েছিলেন।
অন্যদিকে, নেতানিয়াহুর কার্যালয় এ প্রতিবেদনের তথ্য অস্বীকার করেছে। কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ফোনালাপের অভ্যন্তরীণ বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন না।
প্রতিবেদনে ইসরায়েলে ২৭ অক্টোবর সাধারণ নির্বাচন এবং যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের কথা উল্লেখ করে বলা হয়েছে, নির্বাচনের আগে ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে ইরানে হামলার বিষয়ে দুই দেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সূত্র: মিডল ইস্ট আই।

