ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই পা হারানো অসহায় রুনা বেগম অবশেষে পেয়েছেন একটি হুইল চেয়ার। উপজেলার সদর উদ্দিন ফাউন্ডেশন নামে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ওই নারীকে এই সহায়তা প্রধান করেন।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে রুনা বেগমের নিজ বাড়িতে হুইল চেয়ার হস্তান্তর করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পা হারানো রুনা বেগমের ছবি দেখে তার বাড়িতে এসে আজ হুইল চেয়ার হস্তান্তর করেছি। অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা আমাদের মাননিক ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে বদ্ধ পরিকর।
এ সময় হাসনহাটি পূর্ব দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. ইয়াসিন মোল্লা, সাংবাদিক শাহিনুর রহমান পিন্টু, রিয়াদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

