নওগাঁর বদলগাছীতে প্রতারণা করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সেই ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও কন্ঠ ব্যবহার করে ভুক্তভোগীর মোটরসাইকেল ছিনতাই করেছিল তারা। মঙ্গলবার (২৭অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ছয় ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হয়েছেন দুজন।
গ্রেপ্তার দুই যুবক হলেন ওই এলাকার মিঠনের ছেলে মো. সিয়াম (১৮) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত (১৮)।
আর ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তির নাম হুমায়ন কবির। তিনি উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি।
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেপ্তার দুই যুবকের সাথে হুমায়ন কবিরের পরিচয় হয়। তাদের ডাকে সোমবার বিকেলে পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে চারা গাছ কেনার জন্য মথুরাপুরের জাবারীপুর হাটে যান হুমায়ন কবির। সেখানে সিয়াম ও রহিত বিভিন্ন অজুহাতে তাঁকে কৌশলে হাটশাপিলা এলাকায় নিয়ে যান। পরে তাঁদের আরও কয়েকজন সহযোগী সেখানে জড়ো হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে হুমায়ন কবিরকে রাস্তার পাশে নিয়ে মারধর করা হয়। হুমায়ুন কবির বাধা প্রদান করিলে আসামিগণ হুমায়ুন কবির কে এলোপাতাড়ি ভাবে মারপিট করেন। ভিকটিম ডাক চিৎকার দিলে আসামি গন মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর হুমায়ন বদলগাছি থানায় মামলা দায়ের করেন। পুলিশ সংবাদ পাওয়ার পর অফিসার ও ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করা হয়।
পরে আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের ছবি এবং কণ্ঠ ব্যবহার করে ছেলেদেরকে আকৃষ্ট করতো। এবং সুযোগ-সুবিধা মত বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিত। কাজেই এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
ভুক্তভোগী হুমায়ন কবির বলেন, পাহাড়পুর থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। চারা গাছ কেনার জন্য জাবারীপুর বাজারে গেলে সিয়াম ও রহিত আমার পিছু নেন। পরে বাজারের পাশে নিয়ে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেন। আমার কাছে আরও দুই লাখ টাকা দাবি করেন তাঁরা। আমাকে হাত-পায়ে অনেক মারধর করা হয়েছে। কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসি। তাঁরা সংখ্যায় ছয়-সাতজন ছিলেন।
বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের সাথে সাথে পুলিশ তদন্ত করে। অপরাধীদের সনাক্ত করে মোটরসাইকেল সহ ২জন আসামীকে আটক করে। এ ব্যপারে থানায় একটি মামলা হয়েছে। কোর্টের মাধ্যমে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে

