জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একটি ভ্রাম্যমাণ আদালত যুবক শান্ত মিয়া (২১)কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন তাকে দণ্ডাদেশ ঘোষণা করেন।
জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ধাতুয়াকান্দা নতুন বাজার এলাকায় এক যুবক মাদক সেবন করছেন বলে খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত শান্ত মিয়াকে আটক করা হয়। আটককৃত শান্ত মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী গ্রামের আমজাদ আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা র এএস আই ইব্রাহিমসহ সঙ্গীয় ফোর্স।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

