রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।”
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার সকালে আবারও মিরপুর-১০ এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ছোড়ে। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
এর আগে রোববারও একই দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সোমবারের ঘটনার পর মিরপুর-১০ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ সড়কে লোকজনের অবস্থান নিয়ন্ত্রণ করছে।

