পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসন এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে আজ সোমবার বিকেলে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে শ্রমিকদের চলমান আন্দোলন ও মজুরি নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ ছাড়া তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা বৈঠকে অংশ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, জীবনমান উন্নয়ন এবং তাদের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সহানুভূতির সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারণের নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আজই বোর্ডের প্রথম সভা হতে পারে, অথবা অল্প সময়ের মধ্যে সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে যত দ্রুত সম্ভব নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হতে পারে।
তিনি জানান, মজুরি নির্ধারণের সময়সীমা পূর্ণ হতে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। আশা করা হচ্ছে, মজুরি বোর্ড সব পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারবে।

