মিরপুরে আজও দুই দফায় আন্দোলনকারীরা সড়কে নামার চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার সোমবার (২ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শ্রমিকরা দুই দফায় রাস্তায় নামার চেষ্টা করেছিল। তাদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে দুই দফা শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। মিরপুর-১৪ এলাকায় আন্দোলনকারীদের একবার ধাওয়া দেওয়া হয় এবং আরেক দফা মিরপুর-২ এলাকায় টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। সকাল ১১টার দিকে মিরপুর-৬ নম্বর শিয়ারবাড়ী ও পূরবী এলাকার কয়েকটি গার্মেন্ট থেকে শ্রমিকরা মিরপুর-২ নম্বর দিয়ে দশ নম্বর এলাকায় জড়ো হয়ে রাস্তায় নামার চেষ্টা করছিল। সে সময় পুলিশের পক্ষ থেকে একটি টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।
এর আগে সকাল ৯টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ কারখানায় ফিরে যান।
আন্দোলন থেকে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে জানিয়ে মিরপুর বিভাগের উপ-কমিশনার আবু নাসের রিকাবদার বলেন, আরও মামলা হবে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৯ জন গ্রেফতার ছিল। আজ দুপুর পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

