সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় সফরকারীদের মোট লিড দাঁড়িয়েছে ৩৬৮ রানে। ফলে ম্যাচ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য ৩৬৯ রান। শেষ দিনে মাত্র ১০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান যোগ করেছে ক্যারিবীয়রা।
ম্যাচ জিততে শেষ দিনের বাকি ৭৮ ওভারে ৩৬৯ রান করতে হবে বাংলাদেশকে। টেস্ট ক্রিকেটের বিবেচনায় যা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। এই লক্ষ্য তাড়া করে জিততে হলে নিজেদের জয়ের রেকর্ডও ছাড়িয়ে যেতে হবে টাইগারদের। এর আগে টেস্টে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সেই কীর্তি গড়েছিল দলটি।
৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই নাঈম হাসানের বলে ক্যাচ দিয়ে ফেরেন আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজ। আগের দিনের দুর্দান্ত ইনিংসের পর এদিন মাত্র ২ রান যোগ করতে পারেন তিনি। সব মিলিয়ে ১৭টি চার ও একটি ছক্কায় ১৯৪ বলে ১৪২ রান করেন হজ।
এরপর জাস্টিন গ্রেভসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। দ্রুত রান তোলার চেষ্টায় রস্টন চেইসের আগে ব্যাটিংয়ে নামেন শামার জোসেফ। তবে নাঈম হাসানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
আট নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন জশুয়া বিশপ। একটি চার ও দুটি ছক্কায় মাত্র ১১ বলে ২০ রান করেন তিনি। অন্য প্রান্তে ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জাঙ্গু। বাংলাদেশের হয়ে তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।

