ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আগামীকাল ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে মহড়া দিয়েছে সালথা থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সালথা উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়।
মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে পুলিশের প্রস্তুতির বার্তা দেওয়া হয়। মহড়ায় সালথা থানার পুলিশ সদস্যরা মোটরসাইকেল ও পুলিশের গাড়ি নিয়ে যোগে অংশ নেয়।
মহড়া শেষে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন বলেন, আগামীকাল নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচিকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় পাশে থাকবে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

