দলের নানা কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ভিডিও বার্তায় এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমকে ‘ভণ্ড’ আখ্যা দিয়ে ফজলুল করিম অভিযোগ করেন, মুখে এক কথা বললেও কাজে তার প্রতিফলন নেই। দলের সাধারণ কর্মীদের আবেগ নিয়ে খেলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ফজলুল করিম বলেন, “আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, আগামী সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছিলাম, আমার মনে হচ্ছে এনসিপি সেখান থেকে লাইনচ্যুত হয়েছে। আমি আজ পদত্যাগ করেছি।”
পদত্যাগের কারণ নিয়ে সারজিস আলমের সঙ্গে তাঁর চ্যাটিং হয়েছে বলেও জানান ফজলুল করিম। এ ছাড়া সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কামরুল আরিফের সচিব মাহির কাছেও এ বিষয়ে কল রেকর্ড রয়েছে বলে দাবি করেন তিনি।
ফজলুল করিমের অভিযোগ, পদত্যাগ করার পরও এনসিপি তাঁকে বহিষ্কার দেখিয়েছে। তাঁর ভাষায়, এটি নিছক ‘ভণ্ডামি’। তিনি বলেন, পদত্যাগের পর বহিষ্কারের ঘোষণা দিয়ে দলটি বোঝাতে চাচ্ছে, তারা তাঁকে বহিষ্কার করেছে।
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটি নিয়েও নানা অভিযোগ তোলেন ফজলুল করিম। তাঁর দাবি, ওই কমিটিতে অনেক চাঁদাবাজ ও মাদককারবারি রয়েছেন। যোগ্যদের পেছনে রেখে অযোগ্যদের মূল্যায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, এনসিপির মূল আদর্শ ও নীতি থেকে দলটি সরে গেছে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে তাঁরা দলে এসেছিলেন, সেটি ভুল ছিল বলে এখন মনে হচ্ছে। সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও ভণ্ডামির অভিযোগ তোলেন তিনি।

