রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় স্থানীয়দের হাতে আটক এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় অবস্থিত ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাসায় এ ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে ঘরের আলমারি থেকে নগদ দুই লাখ টাকা ও আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি নিয়ে যায় দুই ব্যক্তি।
এ সময় হেনা ত্রিপুরার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মো. রফিক (২৩) নামে একজনকে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে তার সঙ্গে থাকা মো. আকাশ (২৪) নামে অপর ব্যক্তি একটি স্বর্ণের আংটি ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে আটক রফিককে স্থানীয় লোকজন মারধর করলে তিনি গুরুতর আহত হন। সন্ধ্যা ৬টার দিকে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তরের পর চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৮টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার সময়ই তিনি মৃত ছিলেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের বলেন, বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন আটক ব্যক্তিকে গণপিটুনি দেন। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে বাঙ্গালহালিয়া থেকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, আটক রফিকের বাড়ি বাঙ্গালহালিয়ার আবাসিক মুসলিম পাড়ায়। তার বাবার নাম মৃত আব্দুল জলিল। অন্যদিকে পলাতক আকাশের বাড়ি একই ইউনিয়নের সফিপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী করিম। পলাতক আকাশের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় আগে দায়ের করা একটি চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

