জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সালমা আক্তার (১৩) নামের এক কিশোরীর মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের আজিদের গুদারা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সালমা আক্তার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকীহারা গ্রামের শিক্কু মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর চারটার সময় থেকে সালমা নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে গেলে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, রাতেই খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আজ বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

