কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে চোখের সামনে ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে আস্ত একটি নদী। ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন নদীতে দীর্ঘদিন ধরে চলছে অনুমোদনহীন বালু উত্তোলনের এমন বেপরোয়া মহোৎসব। এতে সরকার একদিকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নদীর স্বাভাবিক গতিপথ ও পার্শ্ববর্তী শত শত একর কৃষিজমি স্থায়ী বিপর্যয়ের মুখে পড়ছে। চোখের সামনে লাখ লাখ টাকার এই অবৈধ বাণিজ্য দিনের পর দিন চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় খোদ তদারককারী কর্তৃপক্ষের ভূমিকা নিয়েই এখন জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
সরেজমিনে জেলা সদরের বরুনাগাঁও এলাকায় গিয়ে দেখা গেছে, টাঙ্গন নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে তোলা বালু পাশেই বড় বড় স্তূপে জমা করে রাখা হচ্ছে। পরে ভেকু মেশিন দিয়ে তা ট্রাকে ভরে নির্বিঘ্নে বিক্রি করা হচ্ছে বিভিন্ন প্রান্তে। স্থানীয়দের দাবি, বরুনাগাঁও এলাকারই কয়েকটি পয়েন্টে প্রকাশ্যে এই বালু লুটের কারবার চলছে।
অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরুনাগাঁও এলাকায় ড্রেজার বসিয়ে বালু তোলার মূল হোতা হিসেবে রয়েছেন জেলা শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম সবুজ। এ ছাড়া একই এলাকায় সেলিম, জালাল ও রাব্বিসহ আরও কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন করছেন। নদী তছনছ করে প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ভরছেন এই চক্রের সদস্যরা।
এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে প্রভাবশালী মহলটি নদীর বুক চিরে এভাবে বালু বাণিজ্য চালিয়ে যাচ্ছে। খোদ প্রশাসনের নাকের ডগায় এমন কর্মকাণ্ড অবাধে চললেও রহস্যজনক কারণে কোনো কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয় কৃষকদের আশঙ্কা, ড্রেজারের কারণে নদীর তলদেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নদীভাঙনে কৃষিজমি বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এলাকাবাসীর দাবি, নিয়ম মেনে সরকারিভাবে ইজারা দিয়ে পরিবেশ বজায় রেখে কাজ করা উচিত; কিন্তু প্রভাবশালীরা পুরো নদীকে নিজেদের সম্পত্তি বানিয়ে লুটেপুটে খাচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম সবুজ দাবি করেন, নদীর পাশের জমির মালিকের সঙ্গে চুক্তি করে তিনি বালু উত্তোলন করছেন। তবে নদী থেকে বালু উত্তোলনের কোনো বৈধ ইজারা বা সরকারি অনুমোদনপত্র তিনি দেখাতে পারেননি। এছাড়া অন্যদের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা করেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সদর উপজেলার কেবল নারগুণ এলাকার একটি নির্দিষ্ট পয়েন্টে সরকারিভাবে বালু উত্তোলনের ইজারা দেওয়া হয়েছে। এর বাইরে জেলার অন্য কোথাও নদী থেকে বালু তোলার কোনো প্রকার অনুমতি নেই।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, সরকারি অনুমতি ও ইজারা ছাড়া কোথাও বালু উত্তোলন করার সুযোগ নেই। যারা আইন অমান্য করে বালু তুলছে, তাদের বিরুদ্ধে খুব দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের তালিকায় একটি স্থানের কথা বলা থাকলেও বরুনাগাঁওসহ বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে কোটি টাকার অবৈধ বালু ব্যবসা কীভাবে নির্বিঘ্নে চলছে, তা অবিলম্বে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি, সরকারি রাজস্ব রক্ষা এবং টাঙ্গন নদীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অনতিবিলম্বে স্থায়ী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

