আগামী ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের স্তরভেদে ছুটির মেয়াদে রয়েছে ভিন্নতা। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার ছুটির তালিকা অনুযায়ী, কোনো কোনো প্রতিষ্ঠানে টানা ১২ দিন, আবার কোথাও ১৮ দিন পর্যন্ত ছুটি মিলবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিসেম্বরের ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে। ২০ ডিসেম্বর রোববার হওয়ায় এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
শীতকালীন অবকাশ শেষ হবে ২৯ ডিসেম্বর মঙ্গলবার। এর মধ্যে ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিনের ছুটি রয়েছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি থাকবে।
মাধ্যমিক বিদ্যালয়
শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ডিসেম্বরের শেষ দিকে ১২ দিনের শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।
২০ ডিসেম্বর রোববার থেকে ২৯ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে। ছুটি শুরুর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা টানা ছুটি উপভোগ করতে পারবেন।
কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজগুলোতে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলবে। সব মিলিয়ে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটির ব্যাপ্তি দাঁড়াবে ১৮ দিন।
মাদরাসায় ছুটি ১৫ দিন
সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসাগুলোতে সব মিলিয়ে ১৫ দিনের ছুটি থাকবে।
এই ছুটির মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটি শেষ হবে। এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি ব্যবহার করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আরও দুই দিন ছুটি বাড়াতে পারে। সে ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অতিরিক্ত ছুটি ভোগের সুযোগ পাবেন।
২০২৭ শিক্ষাবর্ষে ছুটি ৭০ দিন
২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির একটি খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকবে।
খসড়া তালিকায় পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরও দুই দিন রাখা হয়েছে।

