প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাতার এবং এমনকি আফ্রিকার কোনো দেশও গণহত্যাকারীকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
কে এম নাজমুল হক বলেন, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর ইস্যু হয়ে উঠছে, এটি এখন আর গোপন কোনো বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে—গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন কেন আশ্রয় দিয়ে রেখেছে? তিনি উল্লেখ করেন, বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতো শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া। দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার এ নিয়ে আলোচনা করলেও সেই চেষ্টা সফল হয়নি। ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প। অর্থাৎ, হাসিনার সামনে একের পর এক পথ বন্ধ হয়ে আসছে। সর্বশেষ চেষ্টা হিসেবে এখন সেই তৃণমূলের নেতাকর্মীদের রক্তের ওপর ভর করেই বাংলাদেশে ফিরতে চায় গণহত্যাকারী পলাতক শেখ পরিবার! কোনো দেশ আশ্রয় দিতে চাইছে না।
তিনি আরও বলেন, ক্ষমতা ছেড়ে পালানোর সময় এই নেতাকর্মীদের মৃত্যুর মুখে ফেলে রেখে নিজের পরিবারের সদস্যদের আগেভাগে দেশের বাইরে পাঠিয়ে নিজেও পালিয়েছে। দেশত্যাগের পর হাসিনাপুত্রের বক্তব্য ছিল, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই’—এমনই দায়িত্বহীন অবস্থান। সহকারী প্রেস সচিব বলেন, যে পরিবার ক্ষমতয় থাকতে নেতাকর্মীদের ব্যবহার করেছে, বিপদের সময় তাদের ফেলে পালিয়েছে, সেই পরিবার এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় আবারও তৃণমূলের নেতাকর্মীদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগকে যারা এখনো ধর্মের মতো মনে করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, একবার চিন্তা করুন। নিজের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন।

