শীতের আমেজে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণিল পিঠার হাট ও উদ্যোক্তা মেলা। স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং ঐতিহ্যবাহী পিঠার সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করেছে সিও।
শহরের চাকলাপাড়ার সিও টাওয়ার সংলগ্ন মাঠে আয়োজিত এই মেলায় প্রথম দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ১২, ১৩ ও ১৪ নভেম্বর এই তিন দিনব্যাপী চলা মেলাটি প্রতিদিন বিকেলের পর থেকে এক মিলনমেলায় পরিণত হচ্ছে।
মেলার স্টলগুলোতে শোভা পাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা পদের পিঠা। শীতের আগমনী বার্তার সাথে ধোঁয়া ওঠা ভাপা, চিতই, পাটিসাপটা, দুধচিতই, পুলি, পাকড়াসহ বাহারি সব পিঠার সুবাস আর স্বাদে মেতে উঠেছে সব বয়সী মানুষ।
নতুন প্রজন্মের সাথে ঐতিহ্যের সংযোগ
মেলায় আসা দর্শনার্থী জাহানারা বেগম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমাদের নতুন প্রজন্মের অনেকেই এখন অনেক ঐতিহ্যবাহী পিঠার নামও জানে না। এই মেলার মাধ্যমে তারা পিঠার নাম জানতে পারছে এবং তা খাওয়ার সুযোগ পাচ্ছে, এটা সত্যিই দারুণ ব্যাপার।”
আরেক দর্শনার্থী জাহান লিমন বলেন, “পিঠা আমাদের বাঙালি সংস্কৃতির এক সুপ্রাচীন ঐতিহ্য। ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে সিওর এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। মেলায় তরুণ প্রজন্মের ব্যাপক উপস্থিতি ও তাদের কৌতূহল দেখে ভালো লাগছে। আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া দরকার।”
মেলায় স্টল দেওয়া নারী উদ্যোক্তা তাসলিমা আক্তার তিন্নি বলেন, “মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। এ ধরনের মেলা উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বিক্রির পাশাপাশি নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে বড় ভূমিকা রাখে। এটি কেবল একটি মেলা নয়, বরং আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি দারুণ মিলনমেলা।”
মেলার সার্বিক বিষয়ে ‘সিও’ সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সামছুল আলম বলেন, “সিও সব সময় প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থেকে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আমরা অভাবনীয় জনসমাগম ও দারুণ সাড়া দেখতে পাচ্ছি। পরিবার-পরিজন নিয়ে মানুষ ভিড় করছেন, অনেকে তাঁদের সন্তানদের নিয়ে এসে বাংলার ঐতিহ্যবাহী পিঠার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। পিঠার পাশাপাশি মেলায় স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্যের স্টলও রয়েছে। আমরা আশা করি, এই উদ্যোগের ফলে স্থানীয় উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে আরও চাঙ্গা হবেন। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
সিও সংস্থার উদ্যোগে ঝিনাইদহে তিন দিনব্যাপী পিঠা ও উদ্যোক্তা মেলা
Related Posts
Add A Comment
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত

