ফরিদপুরের সালথায় নিজেদের বিএনপির নেতা-কর্মী পরিচয় দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয়ে সভা করার অভিযোগ তুলেছেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. এনায়েত হোসেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, যারা বিএনপির পরিচয় দিয়ে আ’লীগের অফিসে মিটিং করেন তারা বিএনপির দরজায় আইসেন না। আপনারা নিজস্ব পরিচয় দিয়ে নিজস্ব অফিসে বসে বিএনপির রাজনীতি করেন।
এ সময় সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ তোলেন এনায়েত হোসেন। তাঁর অভিযোগ, আনোয়ার হোসেন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিলেও তাঁরা এখনো আওয়ামী লীগের রাজনৈতিক ধারায় কার্যক্রম পরিচালনা করছেন। নিজেদের বিএনপির পরিচয় দিয়ে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে পরিচিত অফিসে তাঁরা সভা করছেন।
এনায়েত হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করলেও পরবর্তী সময়ে তাঁদের কর্মকাণ্ডে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক ধারা দেখা যাচ্ছে। নিজেদের বিএনপির পরিচয় দিয়ে আওয়ামী লীগের অফিসে বসে মিটিং করছেন। জনগণ এসব কর্মকাণ্ড মেনে নেবে না। তাঁরা সাধারণ মানুষকে বিভক্ত করার চেষ্টা করছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন। এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, আমার ভাই আনোয়ার হোসেন জাতীয় সংসদ নির্বাচনের আগে শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। আর সালথায় আওয়ামী লীগের কোনো অফিস নেই। এটা মার্কেট পরিচালনা করার অফিস। এখানে বিএনপির অনেক নেতাকর্মীরাও আসে। আমিও দ্রুত পদত্যাগ করে বিএনপিতে যোগদান করব। সেটা আগামীকালও হতে পারে, পরশুদিনও হতে পারে।
এদিকে, এনায়েত হোসেনের অভিযোগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

