সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘ফ্রেশার্স’ ফল-২০২৬’ শীর্ষক নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল-আমিন মোল্লা, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শরিফুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ও এমবিএ সমন্বয়কারী মো. আবু হানিফ। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও পেশাগত যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং নিজেদের দক্ষতা বিকাশের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও আনন্দমুখর হয়ে ওঠে।

