নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৬০০ মিটার লম্বা কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করা হয়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় ছিল। এলাকার সার্বিক দিক বিবেচনা করে সর্বস্তরের মানুষ, রিকশা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী ২৪ লাখ টাকা ব্যয়ে দুই লাইনবিশিষ্ট বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এই সেতু দিয়ে যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং লভ্যাংশের সব টাকাই স্থানীয় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে বিতরণ করা হবে বলে ঘোষণা দেন তিনি।
সেতু উদ্বোধনের সময় মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সেতু কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
স্কুলের শিক্ষার্থী রাজেশ্বরী রায় বলেন, ‘নদীর ওপর কোনো সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে আমাদের সমস্যায় পড়তে হয়। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে এবারও একটি কাঠের সেতু তৈরি করে দিয়েছেন মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এর জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তাঁর কাছে আমাদের একটাই দাবি, তিনি যেন সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করে দেন।’
আরেক শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী বলেন, ‘ব্যারিস্টার কায়সার কামাল আমাদের কাছে নৈতিক শিক্ষার এক আলোকবর্তিকা। তিনি একজন মহান ও মানবিক মানুষ। তাঁর কথায় ও কাজে মিল রয়েছে, বিধায় মহান আল্লাহ তাঁকে এত বড় আসনে বসিয়েছেন। ধন্যবাদ জানাই অবহেলিত এলাকায় এত বড় কাঠের সেতু নির্মাণ করে দেওয়ার জন্য। এটি আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রগতির একটি নতুন সুযোগ সৃষ্টি করবে। আমি মনে করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

