১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ওই দিন সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থানকে স্মরণ করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। দিবসটি দেশের রাজনৈতিক ইতিহাস, জাতীয় ঐক্য ও সংহতির আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করে। এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর ২০২৬ (রবিবার) সোনারগাঁও ইউনিভার্সিটিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী (শিপু), উদ্বোধক ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা লায়ন মীর আব্দুল আলিম, সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম। অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল-আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল, এনডিসি, পিএসসি, পিএইচডি; কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ. এস. এম. তারিক ইকবাল এবং যান্ত্রিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর মো. মোস্তফা হোসেন। এ ছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওমর ফারুক মোল্লা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব, দেশের রাজনৈতিক ইতিহাস এবং জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি দেশপ্রেম, দায়িত্ববোধ ও ইতিবাচক নাগরিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান। অনুষ্ঠানের অংশ হিসেবে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

