নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রথম ধাপে এক হাজার পঞ্চাশ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে। তিনি আজ সোমবার নির্বাচন কমিশনের ১৩তম সভা সমাপ্তির পর সাংবাদিকদের এ তথ্য দেন। কমিশনার জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন নিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপে এক হাজার ১১৩টি, তৃতীয় ধাপে এক হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৫৬টি ইউনিয়নে ভোট হবে। কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তফসিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের প্রথমার্ধে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। ধাপগুলো হলো—প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।

