রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে অপর আসামি ও সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। অপরাধে সহায়তার অভিযোগ প্রমাণে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সোহেল রানা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে তাঁর স্ত্রী স্বপ্না খাতুন অপরাধ সংঘটনে কোনোভাবে সহায়তা করেছেন, এমন কথা জবানবন্দিতে বলেননি। শুধু বলেছেন, তাঁর স্ত্রী তাঁকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।
আদালত আরও বলেন, অন্য সাক্ষীদের বক্তব্যেও অপরাধ সংঘটনে স্বপ্না খাতুনের কার্যকর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। ঘটনার সময় রাত ১১টার দিকে তাঁকে কক্ষের ভেতরে পাওয়া গেলেও শুধু এ কারণে ধর্ষণ ও হত্যায় সহায়তার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা যায় না।
রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, স্বামীকে অপরাধ সংঘটনে বাধা না দিয়ে নিষ্ক্রিয় থাকার মাধ্যমে সহায়তা করেছিলেন স্বপ্না। তবে সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে আদালত এ যুক্তি গ্রহণ করেননি। আদালত বলেন, স্বপ্না কক্ষের ভেতরে দাঁড়িয়ে ছিলেন এবং তাঁর স্বামী কী করেছেন, তা প্রথম সাক্ষী তথা রামিসার বাবাকে জানিয়েছিলেন।
এ ছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় স্বপ্নাকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রেও পর্যাপ্ত ভিত্তি পাননি হাইকোর্ট। এ ধারায় অপরাধের প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে অপরাধ সম্পর্কে জেনেশুনে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি রয়েছে। কিন্তু স্বপ্না খাতুনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এমন কোনো অভিযোগ আনেনি। সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এ ধরনের কোনো বক্তব্য নেই বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত।
অন্যদিকে, সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে আদালত বলেন, অপরাধটি ছিল অত্যন্ত নৃশংস, ভয়াবহ ও অমানবিক। ভুক্তভোগী ছিল কোমল বয়সের অসহায় একটি শিশু। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। তাই সোহেল রানার সাজা কমানোর কোনো কারণ দেখছেন না আদালত।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী বলেন, সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আট নম্বর সাক্ষীর সাক্ষ্য, ময়নাতদন্ত প্রতিবেদন এবং চিকিৎসকসহ অন্য সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে আদালত নিশ্চিত হয়েছেন, ধর্ষণ ও হত্যাকাণ্ডটি সোহেল রানাই ঘটিয়েছেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রায় ঘোষণার পর নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী সোহেল রানা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী হাইকোর্টের রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার পর আপিল দায়েরের জন্য ৩০ দিন সময় পাবেন সোহেল রানা। তিনি আপিল করলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত থাকবে।
এদিকে, রায় ঘোষণার সময় হাইকোর্টের এজলাসে উপস্থিত ছিলেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১৯ মে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং স্বপ্না খাতুনকে খালাস দেন।

