গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু। তিনি জানান, সকালে একদল লোক মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে অবস্থান নেন। এ সময় বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন অবরোধকারীরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

