নাটোরের গুরুদাসপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, চাপিলা ইউনিয়ন বিএনপি কার্যালয়টি তার বাড়ির অদূরে চৌদ্দমাথা এলাকায় অবস্থিত।
তার বক্তব্যে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে কার্যালয়টিতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। নাশকতার উদ্দেশ্যে সপ্তাহখানেক আগেও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে মশাল মিছিল বের করেছিলেন। সেসব নেতা-কর্মীরাই বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছেন বলে তিনি দাবি করেছেন।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজনের ঘুম ভেঙে পড়ে। ঘর থেকে বেরিয়ে তারা বিএনপি কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন। এতে মুহূর্তেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কারা এবং কোন উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। এখনো এই ঘটনায় কারও গ্রেপ্তারি হয়নি। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ককটেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে।

