ফরিদপুরে একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ১০টি বাড়ি পুড়িয়ে দেয়া হবে বলে হুশিয়ারি জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন। এ ঘটনার জন্য কেউ দায়ী থাকবে না বলেও তিনি মন্তব্য করেন। ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্যাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে জেলা কৃষকদল ও মহানগর কৃষকদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ করেন। এ সময় নেতাকর্মীরা ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা হত্যার বিচারের দাবি জানান।
মিছিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একেএম কিবরিয়া স্বপন। এ সময় তিনি আওয়ামী লীগ নেতাদের হুশিয়ারি দিয়ে বলেন- এই গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যূত করার জন্য এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগকে পুনর্বাসন করার জন্য প্রশাসনের ঘরের ভেতরে এবং বাইরে নানা প্রকার ষড়যন্ত্র হচ্ছে। যার ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানা পোড়ানো হয়েছে, দেশের বিভিন্নস্থানে চোরাগোপ্তা হামলা হচ্ছে। ভাঙ্গায় কৃষকদলের নেতা ও নড়াইলে কৃষকদলসহ দুজনকে হত্যা করা হয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হচ্ছে।
তিনি বলেন- এখানে যারা আওয়ামীলীগের গোয়েন্দা সংস্থার লোক আছেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই- ফরিদপুরে যদি কোনো ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয়, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আমরা আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এ দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।
এ সময় মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন সহ অনেকে।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলা চালিয়ে রাজু মোল্যাকে হত্যা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ারও ঘটনা ঘটে।

