চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় সাত শিক্ষার্থী ও একজন অতিথিকে হাতেনাতে ধরা হয়েছে। গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব তথ্যের ভিত্তিতে হলের সি-ব্লকের ৬১২ নম্বর কক্ষে অভিযান চালানো হয়।
হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম জানিয়েছে, কক্ষ থেকে মোট আট জনকে সরাসরি মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এদের মধ্যে একজন অতিথি এবং সাতজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে একজন অতীশ দীপঙ্কর হলের, একজন অনাবাসিক এবং বাকি পাঁচজন ফরহাদ হলের আবাসিক। তল্লাশির সময় তাদের কক্ষ থেকে গাঁজাসহ মাদকের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন অভিযান পরিচালনাকারী শিক্ষকরা। অভিযোগ উঠেছে, ওই কক্ষের দুই শিক্ষার্থী দুই হাউজ টিউটরকে ধাক্কা দিয়েছে এবং অসৌজন্যমূলক আচরণ করেছে। ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে।
মাদক সেবনে অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন: ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান, ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন, সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ ও মো. মাহাবুব রহমান। এছাড়া ঢাকা থেকে আসা কামরুল ইসলাম নামে একজন অতিথিও সেখানে উপস্থিত ছিলেন।
দুই হাউজ টিউটরকে ধাক্কা দেয়ার অভিযোগ উঠেছে ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইবরাজ হাসান মাহমুদ সামিরের বিরুদ্ধে।
ভুক্তভোগী শিক্ষক শহীদ ফরহাদ হোসেন হলের হাউজ টিউটর বাপ্পারাজ হাওলাদার বলেন, “অভিযানের সময় আমিসহ আমাদের এক হাউজ টিউটরকে ওই কক্ষের দুই শিক্ষার্থী ধাক্কা দেয়। এসময় তারা আমাদের সঙ্গে উগ্র আচরণ করছিল। তারা চাইছিল আমরা যাতে কক্ষে না ঢুকতে পারি।”
ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচএস ফারুক আলম বলেন, “অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আলামত উদ্ধার করা হয়েছে। সরাসরি আমরা তাদেরকে মাদক সেবনরত অবস্থায় পাই। ইতোমধ্যে কক্ষটি সিলগালা করে দেয়া হয়েছে। এ হলে থাকা শিক্ষার্থীদের সিট বাতিল করা হচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “গান-বাজনার নাম করে তারা সেখানে মাদক সেবন করছিল। আমরা ওই কক্ষে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাই। কাঁচা গাঁজা, বিয়ারের বোতল, ইলেকট্রনিক সিগারেটসহ মাদকের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “আমরা বিষয়টা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটিকে জানাব, ডিসিপ্লিনারী কমিটিতে আমরা এটি রিপোর্ট করব। অন্য একটি কক্ষে অভিযান চালানোর সময় আমাদের হাউস টিউটরকে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। পরে তারা এজন্য ক্ষমা চেয়েছেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, “অভিযুক্তদের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হলের সিট বাতিল করা হবে। এ বিষয়ে হল প্রভোস্ট সিদ্ধান্ত নেবেন। বাকি বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।”

