নওগাঁর বদলগাছী উপজেলায় টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন ইটভাটার মালিক ও কৃষকেরা। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে লাখ লাখ কাঁচা ইট। এতে ইটভাটা মালিকদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে মাঠে কেটে রাখা পাকা আমন ধান ও খড় ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। পাশাপাশি আলু ও আগাম সরিষা চাষের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে বিরূপ আবহাওয়ায় উপজেলার কৃষি ও ইটভাটা শিল্পে উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, কার্তিক মাসের শুরু থেকেই উপজেলার বিভিন্ন ইটভাটায় ইট তৈরি ও শুকানোর কাজ পুরোদমে চলছিল। কিন্তু হঠাৎ টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভাটার মাঠে রাখা লাখ লাখ কাঁচা ইট ভিজে নষ্ট হয়েছে। অনেক ভাটায় কাঁচা ইটের খামাল ধসে পড়েছে। ফলে নষ্ট হওয়া ইট সরানো, খলিয়ান পরিষ্কার এবং নতুন করে ইট তৈরিতে অতিরিক্ত শ্রমিক ও অর্থ ব্যয়ের আশঙ্কা করছেন ভাটামালিকেরা।
ভাটামালিকদের ভাষ্য, শীত মৌসুমের শুরুতে ইট উৎপাদনের কাজ গতি পায়। এ সময় আবহাওয়া অনুকূলে থাকলে কাঁচা ইট দ্রুত শুকিয়ে পোড়ানোর উপযোগী হয়। কিন্তু মৌসুমের শুরুতেই বৃষ্টির কারণে উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। এতে নির্ধারিত সময়ে ইট সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভাটা ব্যবসায়ীরা জানান, ইট তৈরির কাঁচামাটি, শ্রমিকের মজুরি, জ্বালানি তেল, পরিবহন এবং নষ্ট ইট সরানোর খরচসহ বিভিন্ন ব্যয় আগে থেকেই বেড়েছে। এর মধ্যে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ায় নতুন করে আর্থিক চাপ তৈরি হয়েছে।
এ বিষয়ে আল-ফা ব্রিকসের পরিচালক ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি প্রভাষক এনামুল হক বলেন, বদলগাছী উপজেলায় ২৪ থেকে ২৫টি ইটভাটায় কাজ শুরু হয়েছে। বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে প্রতিটি ভাটায় আনুমানিক ১৫ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হতে পারে। সব ভাটা মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা হতে পারে।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আমেদুল ইসলাম চঞ্চল বলেন, বৃষ্টির কারণে ইটভাটা ব্যবসায়ীদের আনুমানিক ৪ থেকে সাড়ে ৪ কোটি টাকা লোকসান হতে পারে।

