নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন কনস্টেবল আনোয়ার হোসেন। গতকাল রোববার (২২ নভেম্বর) রাতে এএসআই আবদুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে তথ্য সংগ্রহের জন্য সদর থানা পেরিয়ে ফতুল্লা থানার সীমান্তে ঢুকে পড়ে। এসময় দুর্বৃত্তরা তাদেরকে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে এএসআই আবদুস সাত্তার দৌড়ে প্রাণে বাঁচেন। তবে, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন কনস্টেবল আনোয়ার।
পরে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সিভিল ড্রেসে ছিলেন, তারপরও তারা চিনতে পেরেছে। এ কারণে তারা আক্রমণ করেছে। অনুসন্ধান চালাচ্ছি কারা করেছে। সময় দিতে হবে, সময় পেলে আমরা মূল ঘটনা বের করতে পারব।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে অনাবিল পরিবহনের একটি বাস। এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করা ঝুটবোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, মোটরসাইকেলে কিছু একটা ছুড়ে মারার পর আগুন ধরে যায়। আর ঝুটবোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় ৮-১০ টাকা ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করা হয়। তবে বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন নিরাপত্তাকর্মীরা।
এছাড়া নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত একটি ককটেল। চট্টগ্রামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করায় ফার্নিচার ব্যবসায়ীকে গুলির অভিযোগ উঠেছে।

