দীর্ঘ প্রতীক্ষার পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রস্তাব দিতে যাচ্ছে মালিকপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মাসিক ১১৩ থেকে ১১৫ ডলারের সমপরিমাণ মজুরির প্রস্তাব দেওয়া হতে পারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এর পরিমাণ প্রায় ১৪ হাজার ৩০০ টাকা। তবে শ্রমিকপক্ষের দাবি, ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
বিজিএমইএর দুই নেতার দেওয়া তথ্য অনুযায়ী, মালিকপক্ষের প্রস্তাবটি মাসিক মজুরি হিসেবে দেওয়া হবে। ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষ এই মজুরি বাড়িয়ে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল।
মালিকপক্ষের প্রস্তাব গ্রহণযোগ্য না হলে শ্রম অসন্তোষ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
এরই মধ্যে রোববার গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। অন্যদিকে সাভার ও আশুলিয়ায় ২১টি কারখানা বন্ধ ছিল। আরও ১৮টি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসেন জানান, শ্রমিক বিক্ষোভের মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ১৯টি কারখানা রোববার খুলে দেওয়া হয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বন্ধ থাকা বেশির ভাগ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। মালিকপক্ষের প্রস্তাব জমা হলে শিল্পাঞ্চলে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল।
তবে বিজিএমইএর অভিযোগ, সিপিডির হিসাবে বাসাভাড়া দুইবার গণনা করা হয়েছে এবং পরিবারের সদস্যসংখ্যাও তুলনামূলক বেশি ধরা হয়েছে।
এই অভিযোগ প্রত্যাখ্যান করে সিপিডি জানিয়েছে, আবাসন ব্যয় আলাদাভাবে হিসাব করা হয়েছে; দ্বৈত গণনা করা হয়নি। প্রতিষ্ঠানটির মতে, মজুরি নির্ধারণে শ্রমিকদের প্রয়োজনের পাশাপাশি শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, সুদের হার, রপ্তানিমূল্য এবং যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত চাপ বিবেচনা করা জরুরি। একই সঙ্গে জ্বালানিসংকট, উচ্চ সুদের হার ও দুর্নীতির মতো সমস্যার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে মজুরি কম রাখা উচিত নয় বলে মনে করে সংস্থাটি।

