হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ১০৬ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে নজরদারিতে রাখা হয়।
পরে ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়। এ সময় ওই যাত্রীর শরীরে কোনো অবৈধ পণ্য লুকানো রয়েছে কি না, তা নিশ্চিত হতে বিশেষ স্ক্যানিং করা হলে তিনি নিজের কাছে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন।
এরপর বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর শরীর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। পরে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের মোট ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা জানায়, উদ্ধার করা ১৮টি স্বর্ণের বারের মোট ওজন ২ কেজি ১০৬ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

