নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের দুই জেলা কুড়িগ্রাম ও পঞ্চগাড়ে কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
শুধু বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স এবং সিকিমেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকায়। উৎপত্তিস্থলটি কোশি প্রদেশ থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের চলমান সংঘর্ষের কারণে নেপাল ও আশপাশের অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। গত কয়েক বছরে এ অঞ্চলে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার কয়েকটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

