ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

