নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘদিনের গৃহহীন জীবনের অবসান ঘটিয়ে অবশেষে নিজের একটি ঘর পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী সুধিনী মান্দা। মাথা গোঁজার নিরাপদ আশ্রয় পেয়ে তাঁর মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি। দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন পূরণ হওয়ায় আপ্লুত তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দুর্গাপুর পৌর শহরের পরাভিটা এলাকায় বিশেষ উন্নয়ন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি সুধিনী মান্দার কাছে হস্তান্তর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
ঘর পেয়ে আবেগাপ্লুত সুধিনী মান্দা আনন্দ প্রকাশ করে বলেন, “আমি আজ অনেক খুশি, আমার অনেক আনন্দ। আমার নিজের কোনো ঘর ছিল না, অনেক কষ্টে দিন কাটিয়েছি। আমি দিন আনি দিন খাই। নিজের সামর্থ্য না থাকায় একটি ঘর তৈরি করতে পারিনি। আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। এতে আমি অনেক খুশি। তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলে গারো, হাজংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস; তাঁরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সুধিনী মান্দার কোনো ঘর ছিল না। আমরা চেষ্টা করছি, প্রকৃত অর্থে যাঁরা গৃহহীন, তাঁদের জন্য ঘরের ব্যবস্থা করতে।”
তিনি আরও বলেন, “এ এলাকার মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছেন। সেই প্রকল্পের অংশ হিসেবে দুর্গাপুর ও কলমাকান্দায় গৃহহীন মানুষের জন্য ঘর দেওয়া হচ্ছে।”
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

