পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও বালুমহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একটি গ্রুপের সঙ্গে কাঁকন বাহিনী ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের জেরে রাতে জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে অন্তত আটটি মোটরসাইকেল পুড়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় একই এলাকায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে জাকারিয়া পিন্টুর পাঁচ সমর্থকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর সঙ্গে নদীপথের আলোচিত কাঁকন বাহিনীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বালুর ব্যবসা নিয়ে জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরও বিরোধ দেখা দেয়।
সোমবার সন্ধ্যায় জাকারিয়া পিন্টুর সমর্থকেরা মাঝদিয়া এলাকায় মিছিল ও শোডাউন করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ত্রিমুখী সংঘর্ষ ও গোলাগুলিতে রূপ নেয়।
স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের জেরে রাতে জাকারিয়া পিন্টুর সমর্থকেরা আবারও এলাকায় মিছিল বের করেন। এ সময় সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রাজ্জাকসহ জামায়াতের নেতাকর্মীদের চার থেকে পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় অন্তত পাঁচটি মোটরসাইকেল। এ ছাড়া যুবলীগ নেতা মিলন চৌধুরী ও আওয়ামী লীগ সমর্থক শফিকুলের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অগ্নিসংযোগের ঘটনায় জাকারিয়া পিন্টুর সমর্থকদের দায়ী করা হলেও তারা অভিযোগ অস্বীকার করেছেন। জাকারিয়া পিন্টুর বক্তব্য পাওয়া যায়নি। তবে তার সমর্থকদের দাবি, সোমবার সন্ধ্যায় তারা আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঁকন বাহিনীর সদস্য ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন। এতে তাদের কয়েকজন গুলিবিদ্ধ হন।
সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, জাকারিয়া পিন্টুর সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে এলাকায় এসে হামলা ও গুলিবর্ষণ করেন। পরে রাতে আবারও আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে এসে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করেন। বালুমহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ঘটনার পর আব্দুর রাজ্জাকের জামাতা ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম, তার ভাই জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি এস এম সোহেল এবং উপজেলা জামায়াতের আমীর সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

