রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ সানজিদা (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে সানজিদার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সানজিদার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সেখানে নিবিড় পর্যবেক্ষণে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে শেষনিশ্বাস ত্যাগ করেন ২০ বছর বয়সী সানজিদা। তার মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

