কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সালথা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তালহা রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তালহা রাব্বী ওই গ্রামের ফিরোজ তালুকদারের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, তালহা রাব্বীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

