বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোর, কলম্বিয়া, সালনা ও গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে কিছু এলাকায় শ্রমিকদের একটি অংশ হঠাৎ মহাসড়কে এসে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করছে। পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দিচ্ছে।
শ্রমিক অসন্তোষের কারণে বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ছুটি ঘোষণার পর অনেক শ্রমিক বাড়ি ফিরে গেলেও কিছু শ্রমিক বিক্ষোভে অংশ নেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বাংলানিউজকে বলেন, গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন এবং মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন। কিছু সময় তাঁরা মহাসড়কে অবস্থান নিলেও পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি আরও জানান, বুধবার প্রায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩৫টি কারখানা বন্ধ রয়েছে।

