রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হলো।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ পাঁচজনের মধ্যে আব্দুর রহমান নামে একজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাকি চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

