ডিসেম্বর মাসকে সামনে রেখে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, গুজব, নাশকতামূলক কর্মকাণ্ড ও অবৈধ তৎপরতা প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।
এ লক্ষ্যে থার্মাল ডিভাইস, নাইট ভিশন, সার্চলাইট, ফ্ল্যাগ লাইট, ডগ স্কোয়াড ও ড্রোনের মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি চালানো হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন বা সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, ডিসেম্বর মহান বিজয়ের মাস। এ মাসের তাৎপর্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত ও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় থার্মাল ডিভাইস, ডগ স্কোয়াড ও ড্রোনের মাধ্যমে নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলোতে নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট স্থাপন করা হয়েছে।
বিজিবির এই অধিনায়ক জানান, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে আধুনিক সরঞ্জামে সজ্জিত বিশেষ রিজার্ভ প্লাটুন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সক্ষমতাও রয়েছে বিজিবির।
এ ছাড়া সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, টহল ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
এদিকে ডিসেম্বরকে ঘিরে সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবে আতঙ্কিত না হয়ে স্থানীয়দের সচেতন থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। পাশাপাশি কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অস্বাভাবিক পরিস্থিতি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর অনুরোধ করা হয়েছে।

