আইপিএলের গত নিলামে রেকর্ড দামে দল পেয়েছিলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলা হয়নি তার। এবার আইপিএলের আগামী আসরের নিলামে নাম নিবন্ধনই করেননি এই বাঁহাতি পেসার।
আগামী আইপিএল আসরকে সামনে রেখে মিনি নিলামে অংশ নিতে নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নেই মোস্তাফিজের নাম। তবে বিষয়টি নিয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি।
সবশেষ নিলামে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
এ ঘটনার পর ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে আলোচনা তৈরি হয়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ দল।
এবারের নিলামে বাংলাদেশের আরেক পেসার নাহিদ রানার নামও নেই। সবশেষ ভারত সফরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আলোচনায় ছিলেন তিনি।
অন্যদিকে, এবারের আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।

