ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ককটেল থানা লাগোয়া মার্কেট ভবনের টিনের ছাদে বিস্ফোরিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থলে বিস্ফোরণের কোনো আলামত পায়নি। পুলিশ বলেছে, বিস্ফোরণের শব্দ তারা শুনেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে। থানার সীমানাপ্রাচীর ঘেঁষে নির্মিত দুইতলা ব্যারাক ভবন-২–এর পাশে ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদ শাহ সড়কের পাশে লম্বা তিন তলা ফরিদপুর পৌর মার্কেট। মার্কেটের তৃতীয় তলায় টিনের ছাদ রয়েছে। মার্কেটের পেছনে কোতোয়ালি থানার দুইতলা ব্যারাক ভবন-২ অবস্থিত। ভবনটির নিচতলায় থানার বিভিন্ন কাজে দায়িত্ব পালনকারী কয়েকজন উপপরিদর্শক (এসআই) বসেন। উপরতলায় একটি হলরুম রয়েছে। মার্কেটের যে পাশে বিস্ফোরণ ঘটেছে, সেটি থানার উত্তর দিক। জায়গাটি থানার মূল ফটক থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ গজ দূরে।
ঘটনার প্রত্যক্ষদর্শী থানার পাশের একটি চা দোকানের মালিক লিটন সাহা বলেন, আমরা হঠাৎ শব্দে আতকে উঠি। পরে দোকান থেকে বের হয়ে দেখি পৌর মার্কেটের থানার মোড়ের পাশ থেকে সাত নম্বর দোকান মা ইলেকট্রনিক বরাবর টিনের ছাদে ধোঁয়া উড়ছে। পরে পুলিশের লোকজন এসে ঘুরে দেখে গেছে।
ঘটনার সময় থানার আরেক পাশে শহরের মহাকালীর মোড় এলাকায় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ। তিনি বলেন, বিকট শব্দ শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে মনে হয়েছে সড়কের অপরপাশে গৌড় গোপাল আঙিনা ট্রাস্টের মালিকানাধীন সাত তলা একটি ভবনের কোনও তলা থেকে এই ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।
বেনজীর আহমেদ বলেন, পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা বের করা সম্ভব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ঘটনার পর আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ককটেলের কোনও আলামত পাইনি। তবে বিস্ফোরণটি খুবই বিকট শব্দে হয়েছে।
তিনি বলেন, বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

