গাজীপুরের শ্রীপুরে এক রাতে দুটি স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনের সড়কে একটি এবং ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এসব ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটে ইউএনওর সরকারি বাসভবনের সামনের সড়কে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পাঁচ মিনিট পর, রাত সাড়ে ১০টার দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর ওপর থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। সেগুলো সেতুর নিচে বিস্ফোরিত হয়।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কিছু দোকানপাট বন্ধ হয়ে যায় এবং অনেকে নিরাপদ স্থানে সরে যান।
মাওনা চৌরাস্তার ব্যবসায়ীরা জানান, উড়ালসেতুর ওপর থেকে পরপর দুটি ককটেল ছোড়া হয়। বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁরা লাল স্কচটেপ প্যাঁচানো দুটি বিস্ফোরিত বস্তু পড়ে থাকতে দেখেন।
শ্রীপুরের ইউএনও মো. নাহিদ ভূঞা জানান, বিস্ফোরণের সময় তিনি সরকারি বাসভবনের দোতলায় ছিলেন। বিকট শব্দ শুনে নিচে নেমে ঘটনাটি জানতে পারেন। সিসিটিভি ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেলেও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। আশপাশের অন্যান্য ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

