জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম বলেছেন, ভোট চুরি করতে এলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে হবে—কারণ যারা ভোট চুরির আশায় আসবে, তাদের একমাত্র ঠিকানা হবে হাসপাতাল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ বক্তব্য দেন। সারজিস আলম বলেন, “রক্ত দিয়ে দিব, জীবন দিয়ে দিব, কিন্তু একটি ভোটও চুরি হতে দেব না।” তাঁর ভাষায়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল ভোটের লড়াই নয়; এটি ইনসাফ, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বড় বড় কথা বলা হলেও ভোট শেষ হলে অনেক নেতার খোঁজ পাওয়া যায় না। স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, জমি ও নদীমহাল দখলের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও তোলেন তিনি।
অভ্যুত্থান-পরবর্তী সময়ে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, কিছু এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে হামলা ও দখলের ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের মুখোশ জনগণকে চিনে নেওয়ার আহ্বান জানান সারজিস আলম।
নিজের বয়স নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, সংকটের সময়ে যারা রাজপথে ছিলেন না, কেবল ভোটের সময় সক্রিয় হওয়া নেতারা প্রকৃত প্রতিনিধি হতে পারেন না। নির্বাচনে জয়ী হলে রাজনৈতিক প্রতিপক্ষের নির্দোষ নেতাকর্মীদের সম্মানের সঙ্গে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

