ঝালকাঠি-১ আসনের রাজাপুর উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার ভোররাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাতের কোনো এক সময়ে জামায়াতের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সকালে স্থানীয়রা পোড়া কার্যালয় দেখতে পেয়ে বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানান। পরে প্রশাসনকে অবহিত করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।
ঝালকাঠি-১ আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী ড. ফয়জুল হক এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আগুন দিয়ে জনগণের রায় পরিবর্তন করা যাবে না। দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।

