শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদর আলী মাদবর কান্দি এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে জাজিরা ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। প্রশাসন সূত্র জানায়, অবৈধ অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় তার সঙ্গে রুমা আক্তার নামে এক নারীকে আটক করা হয়। তল্লাশিতে পিস্তলের কভার, স্লাইড, অস্ত্র পরিষ্কারের ওয়েল ব্রাশসহ বিভিন্ন অংশ এবং চাপাতি, ছুরি উদ্ধার করা হয়।
জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তার সঙ্গে থাকা নারীর বৈবাহিক দাবির বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

