হবিগঞ্জের লাখাই উপজেলায় রাস্তা ভরাট ও পানি নিষ্কাশনের নালা বন্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা পূর্বপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, স্থানীয় আব্দুল কাদির রাস্তা ভরাট করলে গ্রামের পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ গ্রামবাসী বাধা দিলে আব্দুল কাদিরের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাখাই থানার ওসি মো. জাহিদুল হক জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

